• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

পিরোজপুর-নাজিরপুর সড়কে ইমাদ পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ২

admin
প্রকাশিত জুন ৯, ২০২৬
পিরোজপুর-নাজিরপুর সড়কে ইমাদ পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ২

জাকির হোসেন পিরোজপুর, প্রতিনিধি : পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক সড়কের কদমতলা এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি কদমতলা এলাকায় পৌঁছালে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নারীসহ দুইজন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে মামুন (৪০) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি চিতলমারি এলাকার আমজাদ হোসেনের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।