মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের টালিয়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক অনুমোদন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিদ্যালয় প্রাঙ্গণের ৮টি আকাশমনি গাছ কর্তন এবং এর মধ্যে ৭টি গাছ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। কর্তন করা গাছের গুঁড়ি কাদামাটি দিয়ে ঢেকে রাখার ঘটনাও সামনে এসেছে। বিক্রি করা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য অর্ধলক্ষাধিক টাকা বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাকা ও টিনশেড একাডেমিক ভবনের পেছনে থাকা একটি আকাশমনি গাছ ভবনের ওপর হেলে পড়েছিল। গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তনের প্রয়োজন দেখা দিলেও এর সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণের আরও সাতটি আকাশমনি গাছ কেটে ফেলা হয়। অভিযোগ রয়েছে, ঝুঁকিপূর্ণ গাছটি ছাড়া বাকি সাতটি গাছ গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে। অথচ সরকারি প্রতিষ্ঠানের গাছ কর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণের নিয়ম রয়েছে।
সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ভবনের ওপর হেলে পড়া গাছটি কেটে টুকরো করে এর গুঁড়ির পাশে রাখা হয়েছে। অন্যদিকে, কাদামাটি দিয়ে ঢেকে রাখা অবস্থায় আরও সাতটি গাছের গুঁড়ি পাওয়া যায়। তবে এসব গাছের কর্তন করা অংশ বিদ্যালয় প্রাঙ্গণে দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৫ দিন আগে প্রধান শিক্ষক তাজ উদ্দিন বিদ্যালয় প্রাঙ্গণের ৭-৮টি আকাশমনি গাছ কাটেন। পরে কাটা গাছগুলো কোথায় নেওয়া হয়েছে, তা তাঁরা জানেন না। তবে একটি গাছ ছাড়া বাকি গাছগুলো বিদ্যালয় প্রাঙ্গণে আর দেখা যাচ্ছে না। এ নিয়ে এলাকায় গাছগুলো গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ ও নানা আলোচনা চলছে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক তাজ উদ্দিন জানান, গাছগুলো মরা ও ঝুঁকিপূর্ণ ছিল। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি গাছগুলো কেটেছেন। তবে একটি গাছ ছাড়া বাকি সাতটি গাছ বিদ্যালয় প্রাঙ্গণে নেই কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাটা গাছগুলো বিদ্যালয়ের ভেতরেই রাখা হয়েছে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরবিন্দ কর্মকার জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ের টিনশেড ভবন ও বিদ্যুৎলাইনের ওপর থাকা কয়েকটি গাছ ঝুঁকিপূর্ণ বলে সেগুলো কাটার কথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনো দাপ্তরিক প্রক্রিয়া গ্রহণ করেননি। গাছ কাটার মৌখিক অনুমতি দেওয়ার সুযোগ নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন বলে তিনি জানান।