মৌলভীবাজারের বড়লেখায় এক ব্যবসায়ীর জবাই করে খুন 

admin
প্রকাশিত May 18, 2020
মৌলভীবাজারের বড়লেখায় এক ব্যবসায়ীর জবাই করে খুন 

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় সমছ উদ্দিন (৩৪) নামে এক ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে বড়লেখা থানার পুলিশ। ১৭ মে রোববার রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদনগর (বাজারিটিলা) এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে সমছ উদ্দিনের লাশটি উদ্ধার করা হয়। সমছ উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যগ্রামতলা এলাকার আমির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সমছ উদ্দিন গত প্রায় ৮ মাস আগে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদনগর (বাজারিটিলা) এলাকায় রহমানীয় চা বাগান সংলগ্ন বেশ কিছু জায়গা ক্রয় করেন। এই জায়গার কিছু অংশে দুটি মৎস্য খামার গড়ে তোলেন। তিনি দিনের পাশাপাশি প্রায় রাতেও ঐ খামারে যাওয়া আসা করতেন। ১৬ মে শনিবার রাতে বাড়ি থেকে খামারের উদ্দেশ্যে বের হন সমছ উদ্দিন, সে রাতে আর ফেরেননি। ১৭ মে রোববার সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। বেশ কয়েকবার রিং হলেও রিসিভ হয়নি। এরপর ফোনটি বন্ধ পাওয়া যায়। দুপুরে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে একটি বাড়ির সামনে তার ব্যবহৃত মোটরসাইকেল দেখতে পান। কিন্তু তার কোনো সন্ধান পাননি। স্বজনরা তাকে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। এক পর্যায়ে রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদনগর (বাজারিটিলা) এলাকায় খামারের অদূরে একটি পরিত্যক্ত ঘরে তার (সমছ উদ্দিনের) রক্তাক্ত নিথর দেহ দেখতে পান। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত সমছ উদ্দিনের ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ১৮ মে সোমবার ভোরে এই সংবাদ লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক ১৮ মে সোমবার সকালে বলেন, মোটরসাইকেল টি পাওয়ার পর সমছ উদ্দিনের বাবা থানায় জিডি করেন, তারই ধারাবাহিকতায় পুলিশ খুজতে শুরু করে, যে জায়গায় মোটরসাইকেল পাওয়া যায় সেই জায়গার পাশেই তার মাছের খামার। খামারে কিছু দুরে একটি ঘরে তার গলা কাটা মৃত দেহ পাওয়া যায়। ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছে পুলিশ, সকালে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে, ঘটনার তদন্ত চলছে।

0
Would love your thoughts, please comment.x
()
x