জুড়ীর নদীতে ডুবে শিশুর মৃত্যু

 মাইকেল নংরুম, জুড়ী উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের আব্দুস সালামের ছেলে লিমন আহমেদ (৭)। সে স্থানীয় কেবিএহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। রোববার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক ৯ টা ১৭ মিনিটে জুড়ী নদীর রানীমুড়া অংশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শিশু লিমন দুপুরে উপজেলার জুড়ী নদীর রাণীমুড়া অংশে ফুফুর সাথে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সে ফুফুর কাছ থেকে সরে গিয়ে নদীর অন্য অংশে চলে যায়। একপর্যায়ে শিশুটির ফুফু লিমন বাড়িতে চলে গেছে মনে করে তিনিও বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়িতে এসে তাকে না পেয়ে সবাই মিলে খোঁজাখুঁজি সহ এলাকায় মাইকিং করতে থাকে। রাতে নদীতে ডুবে মৃত্যু হতে পারে এমন সন্দেহে এলাকার হারিছ মিয়া, শাহ আলম, মামুন, আলামিন ও কয়েছসহ কয়েকজন মিলে নদীতে খোঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ৯.১৭ মিনিটের সময় জুড়ী নদীর রানীমুড়া অংশ থেকে তারা শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির নিকট আত্মীয় মুহিবুর রহমান জানান, বিকেল থেকে লিমন নিখোঁজ হলে আমরা মাইকিং সহ আত্নীয় স্বজনদের বাড়িতে খোঁজাখোঁজি করি। খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে জুড়ী‌ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী নিশ্চিত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.