বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের মৌলভীবাজার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল। চ্যাম্পিয়ন দলের মো. সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন সেরা বক্তা।
বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিলনায়তনে দিনব্যাপী এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। জেলা সদরসহ চারটি উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দল এতে অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, শমশেরনগর; দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল; ভিক্টোরিয়া হাই স্কুল, শ্রীমঙ্গল; আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ; আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়; দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল এবং রাজনগর আইডিয়েল হাই স্কুল।
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়। পরে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তোফাজ্জল আলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দেশ-বিদেশে খ্যাতনামা জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। বক্তব্য শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক কন্দর্প বিজয় চৌধুরী ও হাওর রক্ষা আন্দোলনের নেতা খছরু চৌধুরী।
বিতর্ক উৎসবের মডারেটরের দায়িত্ব পালন করেন প্রফেসর পার্থ প্রতীম চক্রবর্তী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক (বাংলা) রেজাউল করিম, সহকারী অধ্যাপক (প্রাণিবিজ্ঞান) আমেনা বেগম, প্রভাষক (উদ্ভিদবিজ্ঞান) মঈন বখত আনসারী এবং বিজ্ঞানলেখক কবি মহিদুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের জেলা প্রতিনিধি নূরুল ইসলাম। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ জেলা কমিটির সভাপতি কবি ইয়াসীন সেলিম ও সাধারণ সম্পাদক ফয়সল আহমদ জুনেদ।
স্কোর বোর্ড ও টাইম ডেস্কে দায়িত্ব পালন করেন সুহৃদ জেলা কমিটির সানজিদা তাজনীন ইকরা, গুলশান আক্তার, জান্নাত আরা মুনা ও রোখসানা আক্তার।
বিতর্ক উৎসব আয়োজনে সহযোগিতা করেন সুহৃদ সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ বর্মণ, রোনালদো ধর, কলেজ কমিটির সভাপতি শাওন কুমার কানু, সুহৃদ আব্দুস সামাদ আজাদ, রণজিৎ দত্ত জনি, মাইশা মোস্তফা, নাদিয়া আক্তারসহ অনেকে।