প্রতিবন্ধী সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে বাবা-মা গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় নিজের প্রতিবন্ধী শিশু সন্তানকে (০২) বিষ খাইয়ে হত্যার অভিযোগে শিশুর মা- বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

২২ মে (বুধবার) রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রামে অভিযান পরিচালনা করে শিশুর বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগমকে গ্রেফতার করা হয়।

থানা সুত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে পড়ে।

গত ১৭ মে শুক্রবার বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন শ্রীমঙ্গল
থানায় ।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, থানায় অভিযোগ প্রাপ্তির পর থেকেই শ্রীমঙ্গল থানা পুলিশ মৃত শিশুর মা-বাবাকে গ্রেফতারের জন্য কাজ শুরু করে। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হবিগঞ্জ সদর থানার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শিশুর
মা- বাবা তাদের প্রতিবন্ধী শিশুটিকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.