মৌলভীবাজার সরকারি কলেজে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি]

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে বর্ধিত ফি আরোপ না করা এবং দ্বাদশ শ্রেণিসহ সকল বর্ষে আরোপিত বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ অধ্যক্ষ বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। অধ্যক্ষের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক জনাব তারেকুজ্জামান ভূঁইয়া।

শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন রাজিব সূত্রধর, নাদিয়া আক্তার জুই, তাহসিনা জান্নাত, সালমা আক্তার, তাসনিম আলম শীর্ষ, সবুজ শর্মা, রাতুল রায়, অর্ণব রায়, কামরুন্নাহার মাহফুজা, তৃষা দেবনাথ, রিমা সূত্রধর, পূজা দেবসহ আরও অনেকে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, মৌলভীবাজার সরকারি কলেজ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ও একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এ কলেজে জেলার বিভিন্ন প্রান্তের অধিকাংশ নিম্নআয়ের পরিবারের সন্তানরা পড়ালেখা করছেন। ফলে সেশন ফি, ভর্তি ফিসহ বিভিন্ন ধরনের ফি বৃদ্ধি করা হলে তা শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে।

তাদের দাবি, বিভিন্ন ফি বৃদ্ধির কারণে অনেক শিক্ষার্থীর একাডেমিক জীবন অনিশ্চিত হয়ে পড়তে পারে। এর প্রভাব পড়াশোনা, শ্রেণিকক্ষে উপস্থিতি এবং পরীক্ষার ফলাফলের ওপরও পড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় কলেজের সচেতন শিক্ষার্থী হিসেবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে কোনো ধরনের বর্ধিত ফি আরোপ না করা এবং দ্বাদশ শ্রেণিসহ সকল বর্ষে আরোপিত বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান তারা।

একই সঙ্গে শিক্ষার গণতান্ত্রিক অধিকার সকল শিক্ষার্থীর জন্য নিশ্চিত করতে স্মারকলিপিতে উল্লেখিত বর্ধিত ফি প্রত্যাহারের দাবি বাস্তবায়নে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.