শ্রীমঙ্গল সরকারি কলেজে রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও ক্যাম্পাস ক্লিনিং কর্মসূচি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজে বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের ঘোষিত ২৩–২৯ আগস্ট জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বৃক্ষরোপণ ও ক্যাম্পাস ক্লিনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগাছা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন রোভার ও গার্ল-ইন-রোভার দলের সদস্যরা।

কর্মসূচিটির শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রফি আহমেদ চৌধুরী, সুদর্শন শীল, শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, তাহমিনা আক্তার শিউলীসহ রোভার ও গার্ল-ইন-রোভার দলের সদস্যবৃন্দ।

বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ, সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নিয়ে রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যরা পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.