প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট:

মৌলভীবাজারে সিএমএফের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো. রুহুল আলম রনি : সাংবাদিকতা পেশায় কর্মরত সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের সাংবাদিকতা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজারে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ)-এর আয়োজনে শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজার জেলা পরিষদের কনফারেন্স রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী তরুণরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসির সাবেক প্রতিনিধি আকবর হোসেন। তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা ও গণমাধ্যমে কাজের অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণার্থীদের সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।

কর্মশালার শেষপর্বে অংশগ্রহণকারী সাংবাদিক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। এ সময় আয়োজক, প্রশিক্ষক, আলোচক ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

সিএমএফের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।

কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান, যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি দৈনিক দ্য ড্যাজলিং ডনের সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, সিএমএফের সহসভাপতি শাহ নেওয়াজ চৌধুরী সুমন এবং সিএমএফের সাবেক সহসভাপতি আশরাফ আলী।

দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ ও পরিবেশন, তথ্য যাচাই, সংবাদ লেখার কৌশল, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি একজন সংবাদকর্মীর পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়।

আধুনিক গণমাধ্যমে প্রযুক্তির ব্যবহার এবং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত প্রসারের বিষয়েও প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ এবং দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন প্রশিক্ষক ও আলোচকরা।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া তরুণরা অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের কাছ থেকে সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পান। একই সঙ্গে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাগত নীতিমালা অনুসরণের গুরুত্ব সম্পর্কেও ধারণা লাভ করেন।

আয়োজকদের মতে, গণমাধ্যমে দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার সংবাদকর্মী তৈরির পাশাপাশি কর্মরত সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণ, আলোচনা ও অন্যান্য কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সাংবাদিকতা পেশায় আগ্রহী তরুণদের মধ্যে গণমাধ্যম বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং কর্মরত সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.