শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২

মো. রুহুল আলম রনি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে শ্রীমঙ্গল থানাধীন ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল জানতে পারে, জাম্বুরাছড়া এলাকায় লেহেন খাড়িয়ার বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত ঘরে কয়েকজন ব্যক্তি চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা শাড়ি নিয়ে অবস্থান করছেন। পরে এসআই মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে সুমন মিয়া (২৬) ও তারেক মিয়া (২৬) নামে দুজনকে আটক করা হয়। সুমন মিয়া জাম্বুরাছড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে এবং তারেক মিয়া একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেখানো মতে ওই পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলো খুলে গণনা করে বিভিন্ন রঙের মোট ৩০০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। প্রতিটি শাড়ির আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা হিসেবে জব্দ করা শাড়ির মোট মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, নিকটবর্তী ভারতীয় সীমান্ত দিয়ে পলাতক কয়েকজনের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে শাড়িগুলো বাংলাদেশে আনা হয়। পরে বিভিন্ন মার্কেটের দোকানে অধিক মূল্যে এসব শাড়ি বিক্রি করা হতো।

এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তার এবং চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.