মো. রুহুল আলম রনি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুবিল মাঝেরগাঁও গ্রামে অবস্থিত মণিপুরী লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টারের (এমএলআরসি) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩ অক্টোবর বিকেলে লৈচোম্বম দিগেন্দ্র সিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এমএলআরসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলন ‘মিংশেল’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস, ইউনিভার্সিটি অব চিটাগাংয়ের পরিচালক মেহরাব রহমান, প্রফেসর সাইফুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ম্যানেজার ওয়াই চন্দ্রজিৎ, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেসের লেকচারার মো. মেহরাজ হোসাইন কাজল, রিফা ইশরাক ইশরা ও শাহনাজ আক্তার।
অনুষ্ঠানে মণিপুরী ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ছয়টি বই সেন্টারের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। সেন্টারের প্রতিষ্ঠাতা অয়েকপম অঞ্জু মণিপুরী লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার ইতিহাস ও এর বিভিন্ন কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে মণিপুরী লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রমে ইউনিভার্সিটির পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।
পরে সভাপতির বক্তব্য এবং সেন্টারের শিশু সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।