উন্নয়ন মেলা উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আবুল হায়দার তরিকঃ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উন্নয়ন মেলা প্রাঙ্গণে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেছবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিলেট বিভাগ) মতিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন মাসুদ।

উন্নয়ন মেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস, মৌলভীবাজার পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ, জেলা সমবায় অধিদপ্তর, প্রথমিক শিক্ষা বিভাগ, বিআরটিএ মৌলভীবাজার, মহিলা অধিদপ্তর, জেলা কারাগার, খাদ্য সংস্থা, আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সিটিটিউট, ভোক্তা অধিকার, চা গবেষণা ইন্সটিটিউটসহ ১১২টি স্টল স্থান পেয়েছে। এছাড়া এই মেলায় ১০টি শ্রমিক পরিবারে আর্থিক অনুদান প্রদান করা হবে।
এছাড়া পর্যটনের উপর মেলায় একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হবে এবং সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ অক্টোবর বৃহস্পতিবার গণভবন থেকে এক যোগে সারাদেশে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.