বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজীর ‘আমি সেই দিন’

অনলাইন ডেস্ক : সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী তার ইউটিউব চ্যানেলে ‘আমি সেই দিন’ শীর্ষক গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটি চিত্রায়িত হয়েছে কানাডার টরন্টোতে এবং প্রকাশ হয়েছে কানাডার ব্লসম মিউজিক এর ব্যানারে। সেখানে মডেল হয়েছেন তিনি নিজেই। গানটির ভিডিও গত বছর প্রকাশ করার কথা ছিল কিন্তু বিশেষ কিছু কারণে গত বছর সেটা সম্ভব হয়নি। প্রবাসে থাকলেও দেশীয় গান দিয়ে সেখানে সুনাম কুড়িয়েছেন এই শিল্পী। এবার যুগের সঙ্গে তাল মিলিয়ে মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের জন্য নতুন চমকে হাজির হলেন শাহানা কাজী।

শাহানা কাজী বলেন, ‘একটা সময় শ্রোতারা শুধু গান শুনতেন। এখন প্রযুক্তির সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে। তারা গান শোনার পাশাপাশি এর দৃষ্টিনন্দন ভিডিও দেখতে চান। এই কারণেই ভিডিওটি করা।’
তিনি আরও বলেন, ‘শ্রোতারা ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমাকে জানিয়েছেন, তারা আমার গানের মডেল হিসেবে আমাকেই মিউজিক ভিডিওতে দেখতে চান। দর্শক-শ্রোতাদের এই আগ্রহের কারণেই আমি নতুন রূপে মিউজিক ভিডিওতে হাজির হয়েছি। আশা করি, দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন।’আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত কণ্ঠশিল্পী শাহানা কাজী ইতিমধ্যে বলিউডের অনেক প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সঙ্গে এক মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন। আতিফ আসলামের সঙ্গে তিনি তিনটি কনসার্ট করেছেন।

শাহানা কাজী টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ২০১৫ সালে কানাডা থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের অ্যালবাম। আর এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ও আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে সুরের মায়াজালে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাহানা কাজী। বর্তমানে তার ভেরিফাইড ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে।

এছাড়াও শাহানা কাজী সুনিধি চৌহান, সোনু নিগম, কুমার শানু, অলকা ইয়াগনিক ও আয়ুষ্মান খোরানার সঙ্গে বেশ অনেকগুলো কনসার্টে একই মঞ্চে লাইভ পারফর্ম করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত গায়িকা যিনি টরন্টোর প্রায় বিশ হাজার শ্রোতা-দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কনসার্ট ভেন্যু এয়ার কানাডা সেন্টারেও লাইভ পারফর্ম করেন যেখানে শুধুমাত্র বিশ্বের শীর্ষ স্থানীয় তারকারা পারফর্ম করে থাকেন।
বলিউড কনসার্টের পাশাপাশি গত বছর টরন্টোতে অনুষ্ঠিত কানাডার বাংলাদেশ ফেস্টিভ্যালে বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীন এবং ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণালী যুগের প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদীর সঙ্গেও এক মঞ্চে গান করে শ্রোতা-দর্শকদের মাতিয়েছেন তিনি।

শাহানা কাজীর মিউজিক ভিডিও ‘আমি সেই দিন’ দেখতে চাইলে এখানে ক্লিক প্লীজ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.