বাহারমর্দনে শ্রদ্ধা, মিলাদ ও দোয়ায় স্মরণ::

মৌলভীবাজারে এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎবার্ষিকী পালিত

বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে তাঁর গ্রামের বাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শাহাদাৎবার্ষিকী পালন করা হয়।
দিনের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে শিরণী বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা মরহুম এম সাইফুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা এবং মৌলভীবাজারের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা তাঁর কর্মময় জীবন ও রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
পরে মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মরহুমের পরিবারের সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর নিজ গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এম সাইফুর রহমান নিহত হন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
মৌলভীবাজারের বাহারমর্দনে পারিবারিকভাবে তাঁকে সমাহিত করা হয়। প্রতি বছর তাঁর শাহাদাৎবার্ষিকীতে পরিবার, স্মৃতি পরিষদ এবং দলীয় নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.