মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ডেকোরেটার্স শিল্প রক্ষায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির যাত্রা

শাহনেওয়াজ চৌধুরী সুমন :    আধুনিকায়নের প্রভাবে সংকুচিত হয়ে পড়া ঐতিহ্যবাহী ডেকোরেটার্স ব্যবসাকে টিকিয়ে রাখা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মৌলভীবাজার ডেকোরেটার্স মালিক সমিতির দ্বি-বার্ষিক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

১ আগস্ট (শনিবার) দুপুর ১টায় মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্টে এর হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি জনাব আবদুল জব্বার । বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ডেকোরেটার্স মালিক সমিতির উপদেষ্টা শ্রী নকুল পাল । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মিনওয়ার আহমদ।

সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনব্যবস্থা, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রসার এবং আধুনিক কমিউনিটি সেন্টারের সংখ্যা বৃদ্ধির ফলে দেশের ঐতিহ্যবাহী ডেকোরেটার্স ব্যবসা আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। অথচ বিয়ে, আকিকা, ওয়াজ মাহফিল, মিলাদ, আলোচনা সভা, রাজনৈতিক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনসহ সামাজিক ও ধর্মীয় জীবনের অসংখ্য অনুষ্ঠানে ডেকোরেটার্সের ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, এই খাত শুধু অনুষ্ঠান পরিচালনার সহায়ক নয় বরং হাজারো মানুষের কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র। ডেকোরেটার্স ব্যবসার সঙ্গে মালিক, শ্রমিক, পরিবহনকর্মী, কাঠমিস্ত্রি, লাইটিং ও সাউন্ড প্রযুক্তিবিদসহ বহু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ফলে এই খাতকে টিকিয়ে রাখা মানে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা, কর্মসংস্থান সংরক্ষণ এবং দেশের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা।

সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসার আধুনিকায়ন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জেলার ডেকোরেটার্স ব্যবসাকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মিনওয়ার আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে লোকমান মিয়া । এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বপন দেব, আবু সাহেদ, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম ও আব্দুল কাইয়ুম। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোস্তফা মিয়া ও মুজাহিদ মিয়া ।

এছাড়া কামাল মিয়া সাংগঠনিক সম্পাদক, আমিনুল রশিদ সহ-সাংগঠনিক সম্পাদক, জাহেদ আহমদ অর্থ সম্পাদক, জাহাঙ্গীর মিয়া প্রচার সম্পাদক, মজিদ মিয়া সহ-প্রচার সম্পাদক, অনুপম দাশ দপ্তর সম্পাদক, রেজয়ান আহমদ সহ-দপ্তর সম্পাদক, আব্দুল খালেক সমাজসেবা সম্পাদক, আব্দুল আহাদ সহ-সমাজসেবা সম্পাদক, আব্দুল হান্নান ধর্মবিষয়ক সম্পাদক, মারফত মিয়া, ক্রীড়া সম্পাদক, আছকর মিয়া সহ-ক্রীড়া সম্পাদক, দুলন মিয়া সাংস্কৃতিক সম্পাদক এবং আমিনুর রশিদ শিপু সহ-সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন তাহির মিয়া, বাবুল হোসেন, হাবিল আহমদ, ফয়েজ মিয়া, আসিক মিয়া, জয়নাল মিয়াসহ অন্যান্য সদস্য।

সভা শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলার সকল ডেকোরেটার্স মালিককে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটি জেলার ডেকোরেটার্স ব্যবসায়ীদের অধিকার রক্ষা, পেশার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.