মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬ সালের অক্টোবর মাসের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিক বাছাইয়ের অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম শুরু হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রার্থীদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হবে।
শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু।
এ ছাড়া নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।