নিউজ ডেস্ক: সারাদেশে কারাগারগুলোতে একদিকে বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তা উদ্বেগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও হামলার আশঙ্কায় কারাগারগুলোর নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন এনেছে কারা অধিদপ্তর।
পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের হিসাব বলছে, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে বন্দির সংখ্যা ১ লাখ ১৫ হাজার। অথচ এসব কারাগারে সর্বোচ্চ ৪৫ হাজার বন্দি রাখার ব্যবস্থা রয়েছে। ফলে স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় প্রায় ৭০ হাজার বেশি বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে কারাগারগুলো। কারা অধিদপ্তরের জেলার মোঃ মাসুদ হাসান জুয়েলের ভাষ্য, দেশের কারাগারগুলোর ইতিহাসে বন্দির সংখ্যা আগে কখনো এত বেশি হয়নি।
এই পরিস্থিতিতে গত এক সপ্তাহ ধরে বিশেষ নিরাপত্তা কার্যক্রম চলছে। ১৩টি কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে বন্দিদের গতিবিধি পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে রাজনৈতিক বন্দিদের ওপর। কারাগারের ভেতরে কোনো ধরনের উত্তেজনা তৈরি হলে দ্রুত নিয়ন্ত্রণে আনার প্রস্তুতিও নেওয়া হয়েছে নিরাপত্তা ক্যামেরা।
কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মাসুদ হাসান জুয়েল জানান, সম্ভাব্য হামলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের করণীয় সম্পর্কে নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে। বন্দিদের মধ্যে অসন্তোষ দেখা দিলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, সে বিষয়েও কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করছে কারা কর্তৃপক্ষ। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি বিজিবি এবং আনসারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ভৌগোলিক অবস্থান ও পরিস্থিতি অনুযায়ী সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা কোস্টগার্ডের সহযোগিতা নেওয়ার প্রস্তুতি রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।