শ্রীমঙ্গলে ইয়ুথ অফ চার্চ অফ গডের সুবর্ণ জয়ন্তী উদযাপন

শ্রীমঙ্গলে ইয়ুথ অফ চার্চ অফ গডের সুবর্ণ জয়ন্তী উদযাপন

মাইকেল নংরুম : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাগুরছড়া খাসি পুঞ্জিতে ইয়ুথ অফ চার্চ অফ গডের (ওয়াইসিজি) সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে (৬-৮ মার্চ) তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় এ বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের প্রথম দিনে প্রার্থনা সভা, বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীত পরিবেশন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ, যুব সদস্য এবং বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিরা অংশগ্রহণ করেন।

দ্বিতীয় দিনে যুবসমাজের ভূমিকা নিয়ে বিশেষ সেমিনার, অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, যুব সমাজকে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও সমাজ সেবামূলক কাজে আরও সক্রিয় হতে হবে। পুরো অনুষ্ঠানে কা কেনহুন ডুক নামক সংগীত দল সুমধুর সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

তৃতীয় ও শেষ দিনে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণীয় ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, ওয়াইসিজি’র ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবাইকে সংগঠনটির গতিবিধি ও অর্জন সম্পর্কে ধারণা দেয়। এ সময় চার্চ ও সমাজে বিশেষ অবদান রাখায় ইয়ুথ অফ চার্চ অফ গডের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিকে উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেভারেন্ড ডোনাল্ড আমস্ট্রং, মিসেস কেরোলিন আমস্ট্রং, রেভারেন্ড সামুয়েল ডিখার, রেভারেন্ড মেশাক সুজা, রেভারেন্ড নিকোডিমস থ্যানকিউ, রেভারেন্ড প্রিচার্ড ওয়ারজ্রী, রেভারেন্ড পাইরিন সুটিং, রেভারেন্ড এভরিসন পতাম প্রমুখ।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রেভারেন্ড রমিউস খংকাই, রেভারেন্ড ডেলিংসন ডিখার, লুমডনবক মিশনের পরিচালক মিসেস লাভলী সুছিয়াং, মাগুরছড়া পুঞ্জির প্রধান (হেডম্যান) জিডিসন প্রধান সুছিয়াং, ওয়াইসিজি’র সভাপতি ইভেনজেলিস্ট রিলাং সুটিং, সাধারণ সম্পাদক স্টিফেন মারলিয়া, বিভিন্ন চার্চের প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক যুব সদস্য উপস্থিত ছিলেন।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.