শ্রীমঙ্গলে ”মরা মোরগ বিক্রি ” মিথ্যা সংবাদের প্রতিবাদে  রুমানা আক্তার শিপার প্রতিবাদ সভা

​শ্রীমঙ্গল  প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোরগ  বিক্রির বিরুদ্ধে সঠিক তথ্য-প্রমাণ তুলে ধরায় নারী সাংবাদিক রুমানা আক্তার শিপার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হেনস্তার প্রতিবাদে আজ ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

​ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ আগস্ট শ্রীমঙ্গল নতুনবাজার এলাকার ‘ফ্যামেলী বাজার’ (পরিচালনায়: বিসমিল্লাহ্ পোল্ট্রি হাউজ)-এ মরা মুরগি বিক্রির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও ভিডিওসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন সাংবাদিক রুমানা আক্তার শিপা। অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা-অধিকার উক্ত প্রতিষ্টানকে ২০ হাজার টাকা জরিমানা করে।

​এই জরিমানার জের ধরে গত ১৫ আগস্ট শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন উক্ত প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোঃ মাসুমুর রশিদ (মাসুম)। সেখানে তিনি মরা মুরগি বিক্রির বিষয়টি স্বীকার করলেও তার দায় কর্মচারীদের ওপর চাপান। একই সাথে তিনি সাংবাদিক রুমানা আক্তার শিপার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে   শত্রুতাবশত এ কাজ করার ভিত্তিহীন অভিযোগ তোলেন। পরবর্তীতে এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যমে রুমানা আক্তারের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করা হয়, যা একজন নারী সাংবাদিককে সামাজিকভাবে হেনস্তা ও তার মানহানির শামিল।

​এরই প্রতিবাদে আয়োজিত আজকের সভায় বক্তব্য প্রদানকালে রুমানা আক্তার শিপা বলেন, “আমি সমাজের সচেতন নাগরিক ও একজন সংবাদকর্মী হিসেবে শুধু মানুষের অধিকার ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সত্য তুলে ধরেছি। অথচ দুঃখজনকভাবে আমার সত্য প্রকাশের বিপরীতে একশ্রেণীর সংবাদকর্মী ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

​তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের বিন্দুমাত্র সত্যতা যদি কেউ প্রমাণ করতে পারেন, তবে আমি ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দিবো। সত্য কখনো ঢাকা থাকে না। আমি চাই সাংবাদিক ভাইয়েরা সঠিক তদন্তের মাধ্যমে আসল সত্য উন্মোচন করুন এবং সত্যের পক্ষে কলম ধরুন।”

​প্রতিবাদ সভায় উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার, একুশে টিভির জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার জেলার আরটিভি প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি, সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শ. ই. সরকার জবলু, দৈনিক আমার সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ জিতু তালুকদার, দৈনিক আজকের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুহুল আলম রনিসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

​উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সত্যের লড়াইয়ে রুমানা আক্তার শিপার পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি বজায় রাখার আহ্বান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.