বড়লেখায় চলাচলের রাস্তা বন্ধের ঘটনায়, ৫ জনের দেড় বছর করে কারাদণ্ড

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় ১০০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বন্ধের ঘটনায় আদালতের রায়, প্রায় তিন বছর ধরে বসতবাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তা বন্ধ করে কলেজছাত্রীসহ একাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অপরাধে পাঁচজনকে দেড় বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির দায়ের করা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলার (সি.আর-২২৭/২০২৪) রায়ে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলেই আদালত পুলিশ তাদের কারাগারে পাঠায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের বাসিন্দা আজাদ হোসেন, আব্দুস সহিদ, আব্দুর রহিম, ফখর উদ্দিন ও নাজিম উদ্দিন।

মামলার বিবরণে জানা যায়, আসামিরা প্রায় ১০০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বন্ধ করে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির পরিবারসহ একাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখেন।

এ ঘটনায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরেজমিনে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করেন। তবে পরবর্তীতে অভিযুক্তরা আবারও রাস্তাটি বন্ধ করে দেন। একপর্যায়ে ভুক্তভোগীদের পক্ষে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনি আদালতে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) এবং শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পান। পরে তারা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১২ ধারায় প্রত্যেক আসামিকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.