শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির দায়ে পোল্ট্রি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত August 14, 2026
শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির দায়ে পোল্ট্রি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাজা মুরগির আড়ালে মরা মুরগি বিক্রির অভিযোগে ‘ফ্যামিলি বাজার’ (পরিচালনায়: বিসমিল্লাহ পোল্ট্রি হাউজ) নামের একটি পোল্ট্রি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মৌলভীবাজার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ জরিমানা আদায় করা হয়। শুনানিতে সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে অবস্থিত ‘ফ্যামিলি বাজার’-এর মালিক মো. মাসুমুর রশিদ (মাসুম)। প্রতিষ্ঠানটিতে তাজা মুরগির পাশাপাশি অসাধু উপায়ে মরা মুরগি বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ভিডিওচিত্রসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন শ্রীমঙ্গলের স্থায়ী বাসিন্দা ও সাংবাদিক রোমানা আক্তার শিপা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা কার্যালয়ে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া লিখিত বক্তব্যে অভিযোগের বিষয়টি স্বীকার করা হয়।

শুনানি শেষে সহকারী পরিচালক মো. আল আমিন জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় তিনি সতর্ক করে বলেন, ভোক্তার অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য সুনিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অবহেলা কিংবা মরা মুরগি বিক্রির ঘটনা পুনরায় ঘটলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, মরা মুরগি বিক্রির মতো অনৈতিক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগ জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।