মৌলভীবাজারে ডিএইচএমএস চিকিৎসকদের সাংগঠনিক যাত্রায় নতুন অধ্যায়

admin
প্রকাশিত August 15, 2026
মৌলভীবাজারে ডিএইচএমএস চিকিৎসকদের সাংগঠনিক যাত্রায় নতুন অধ্যায়

শাহনেওয়াজ চৌধুরী সুমন : পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষা, চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন এবং মানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ে মৌলভীবাজারে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস) ডিগ্রিধারী চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ‘ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন’ এর সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যের এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ জোরদারের প্রত্যাশা করা হচ্ছে।

১৪ আগস্ট (শুক্রবার) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের একটি স্থানীয় রেস্তোরাঁর হলরুমে আয়োজিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. ইমদাদুল হক, যুগ্ম মহাসচিব ডা. শফিকুল ইসলাম, স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ডা. নাজমুল হোসেন এবং সংগঠনের সিলেট কমিটির সদস্য ডা. আব্দুল জব্বার।

 

সংশ্লিষ্টরা মনে করেন, একটি সুসংগঠিত পেশাজীবী কাঠামো চিকিৎসকদের মধ্যে নিয়মিত জ্ঞানচর্চা, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করতে পারে। এর মাধ্যমে চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রোগীদের প্রতি দায়িত্বশীলতা, চিকিৎসা-নৈতিকতা এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তাঁদের মতে, সেমিনার, বিজ্ঞানভিত্তিক আলোচনা ও পেশাগত সম্মেলনের মাধ্যমে চিকিৎসকদের প্রাসঙ্গিক ও হালনাগাদ জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত করা গেলে রোগীর প্রয়োজন অনুযায়ী যথাযথ পরামর্শ প্রদান, প্রয়োজনীয় ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ এবং গুরুতর বা জরুরি পরিস্থিতিতে দ্রুত উপযুক্ত চিকিৎসাকেন্দ্রে রেফারের সংস্কৃতি আরও শক্তিশালী হতে পারে।

মৌলভীবাজার সদর উপজেলার নবগঠিত কমিটিতে ডা. শামসুদ্দিন কিবরিয়া সভাপতি এবং ডা. প্রমথ রঞ্জন পাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । এছাড়াও ডা. রনধীর সেন ও ডা. সাদিকুর রহমান রাসেল সহ-সভাপতি এবং ডা. আশরাফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ডা. মঈনুদ্দিন অর্থ সম্পাদক, ডা. রূপক কুমার পাল সাংগঠনিক সম্পাদক, ডা. মিসবাউর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডা. শিমুল মল্লিক দপ্তর সম্পাদক, ডা. খায়রুন নাহার মহিলা বিষয়ক সম্পাদিকা, ডা. বাবলু দে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ডা. উৎসব পাল সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন ডা. বিপুল চন্দ্র দাস, ডা. নির্মল কান্তি দে, ডা. বাবলী রাণী দে (ডা. বিমল ভূষণ দত্ত), ডা. বিনতি রাণী ধর, ডা. বাবলী রাণী দে, ডা. অলোক চন্দ্র গোপ, ডা. উত্তম কুমার দে, ডা. বিকাশ ধর ও ডা. সুলতানা আক্তার।

নবগঠিত কমিটির মাধ্যমে মৌলভীবাজারের ডিএইচএমএস চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সুশৃঙ্খল ও দায়িত্বশীল চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে।

সংগঠন সূত্রে জানা যায়, ডিএইচএমএস চিকিৎসকদের পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষার পাশাপাশি সেমিনার, বিজ্ঞানভিত্তিক আলোচনা ও সম্মেলনের মাধ্যমে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে কাজ করে সংগঠনটি। একই সঙ্গে চিকিৎসকদের জন্য একটি ঐক্যবদ্ধ পেশাজীবী প্ল্যাটফর্ম তৈরি এবং পেশাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও দাবি তুলে ধরাও সংগঠনের অন্যতম লক্ষ্য।

কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আশা করছেন, নবগঠিত সদর উপজেলা কমিটি নিয়মিত পেশাগত জ্ঞানচর্চা, পারস্পরিক সহযোগিতা, চিকিৎসা-নৈতিকতা ও রোগীর নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করলে মৌলভীবাজারে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।