রোমানা আক্তার মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ মনিরুল ইসলামের সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের সভা কক্ষে আয়োজিত এই সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জন নিরাপত্তার নানাবিধ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মৌলভীবাজার জেলার স্থানীয় ট্রাফিক সমস্যা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ সহ সাধারণ মানুষের নানাবিধ সমস্যার কথা নবাগত পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যার বস্তুনিষ্ঠ তথ্য ও খোলামেলা বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
মৌলভীবাজারের সকল সাংবাদিকদের সাথে দেখা করতে পেরে এবং তাঁদের আন্তরিক সহযোগিতাপূর্ণ মনোভাব দেখে (এসপি) মোঃ মনিরুল ইসলাম অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। জেলাবাসীর উদ্দেশ্যে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, তিনি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। কোনো আনুষ্ঠানিক পরিচয় নয়, বরং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিজের কাজের মাধ্যমেই তিনি সবার সাথে নতুন পরিচয় গড়ে তুলতে চান।
হুট করে দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে নবাগত এসপি মোঃ মনিরুল ইসলাম বলেন, সরকারি জরুরি নির্দেশনার পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তিনি মৌলভীবাজারে এসে দায়িত্বভার গ্রহণ করেছেন। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তিনি সাংবাদিকদের তথ্য ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন।